বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারদের এক মতবিনিময় সভা সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, অনুষ্ঠিত এই সভায় ঠিকাদার নেতারা তাদের ৯ দফা দাবি উত্থাপন করেছেন। ঠিকাদারির সমসাময়িক বিভিন্ন বিষয় ও সমাধানের উপায় নিয়ে সভায় আলোচনা হয়। তাদের দাবিগুলো পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ঠিকাদারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার উপর জোর দেয়।

৯ দফা দাবি

  • ১. টেন্ডার পদ্ধতি: ওএমটি পদ্ধতির পরিবর্তে অনুন্নয়ন রাজস্ব ও এডিপিভুক্ত প্রকল্পের কাজ এলটিএম ভিত্তিতে করার জন্য প্রকিউরমেন্ট প্ল্যান সংশোধনের দাবি।
  • ২. ইন্স্যুরেন্স ব্যয়: ঠিকাদারদের ওপর ইন্স্যুরেন্স প্রিমিয়াম ও ভ্যাট বাবদ একতরফা অর্থ চাপানো বন্ধ করা, ব্যয় ভেরিয়েশন হিসেবে প্রদান, ফিক্সড রেট অন্তর্ভুক্ত করা এবং সার্কুলার বাতিলের দাবি।
  • ৩. জিও-ব্যাগ পরীক্ষা: টাস্কফোর্স কর্তৃক সংগৃহীত ব্যাগের নমুনা পরীক্ষার ফলাফল সরবরাহ ও বিলম্বে জানানোর সমস্যার সমাধান। প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা এবং নমুনা ফেল করলে কালো তালিকাভুক্ত করার দাবি।
  • ৪. ব্লক বাতিল নিয়ম: একটি ব্লকের শক্তি কম হলে সব ব্লক বাতিল করার বর্তমান পদ্ধতিকে অন্যায় বলা হয়েছে। এর পরিবর্তে গৃহীত সব নমুনার প্রাপ্ত শক্তির গড় হিসেবে ফলাফল নির্ধারণ এবং ব্লক বাতিলের ক্ষেত্রে নির্দিষ্ট রিডাকশন ফ্যাক্টর ধরে হিসেব করার দাবি।
  • ৫. পরিমাপ গ্রহণ: প্রি ও পোস্ট ওয়ার্ক পরিমাপ গ্রহণে যৌথ সইয়ের বিধান অনুসরণ নিশ্চিত করা। ড্রেজিং ও বাঁধ নির্মাণ কাজে পরিমাপ গ্রহণে বিলম্বের কারণে ঠিকাদারদের ক্ষতিপূরণ এবং সেগমেন্ট শেষ হলে ১৫ দিনের মধ্যে টাস্কফোর্স গঠনের দাবি।
  • ৬. বিল প্রদানে বিলম্ব: টাকা বরাদ্দের পরও বিভিন্ন দপ্তর থেকে বিল প্রদানে অস্বাভাবিক বিলম্ব বন্ধ করা। অর্থ বরাদ্দের ১০ দিনের মধ্যে প্রকল্পের চলমান সব কাজের বিল প্রণয়ন করে একই সঙ্গে দপ্তরে পাঠানোর মাধ্যমে এই সমস্যা সমাধানের দাবি।
  • ৭. পিজি রিলিজ ও চূড়ান্ত বিল: পিজি রিলিজ, চূড়ান্ত বিল প্রণয়ন, সার্টিফিকেট ইস্যু এবং রিটেনশন মানি ফেরত পেতে কঠিন হওয়ায় কর্মকর্তাদের অনীহা দূর করা। ২৮ দিনের মধ্যে পিজি রিলিজ এবং ১৫ দিনের মধ্যে চূড়ান্ত বিল ও কমপ্লিশন সার্টিফিকেট ইস্যু করার দাবি।
  • ৮. আপৎকালীন কাজ: দূরবর্তী এলাকা থেকে ঠিকাদার আমদানি এবং নির্বাহী প্রকৌশলী কর্তৃক তথ্য সরবরাহ না করার ফলে বিলের অংশবিশেষ বেনামে আত্মসাতের অভিযোগ বন্ধ করা। পাউবোর স্থানীয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রধান প্রকৌশলীর প্রতিনিধি নিয়োজিত করার দাবি।
  • ৯. অফিস স্পেস: বাংলাদেশ ঠিকাদার সমিতি সরকারি নিবন্ধিত ও পানি উন্নয়ন বোর্ডের অন্যতম ডেভেলপমেন্ট পার্টনার হওয়া সত্ত্বেও পানি ভবনে তাদের জন্য কোনো অফিস স্পেস বরাদ্দ নেই। তাই পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির জন্য একটি যথাযথ কক্ষ বরাদ্দের দাবি।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খন্দকার শাহিন আহমেদ। আরাধনা এন্টারপ্রাইজের মাহবুবুল হক রিপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন খায়রুল হুদা, ভাওয়াল কন্সট্রাকশন লিমিটেডের ফকরুদ্দিন আহমেদ, ইব্রাহিম ট্রেডার্সের বাচ্চু মিয়া, নিয়াজ ট্রেডার্সের নিয়াজ আহমেদ খান, এএইচএম সাইফুল্লাহ রুবেল, প্রকৌশলী হুমায়ুন কবির, বিপ্লব কুমার গুণ বাবু এবং ইন্জিনিয়ার ইয়াসিন মোল্লা প্রমুখ।