কবি মহাদেব সাহার আকুলতা, “করুণা করে হলেও চিঠি দিও…”, একসময় কোটি মানুষের হৃদয়ের ধ্বনি ছিল। লাল ডাকবাক্স, হলুদ খাম কিংবা চিরকুটের দিনগুলো আজ ধূসর অতীত। যোগাযোগ প্রযুক্তির অবাধ জোয়ারে আজকের স্মার্ট প্রজন্ম যখন মেসেজ বা ইমোজির ভাষায় অভ্যস্ত, তখনো চিঠির মাহাত্ম্য আর নস্টালজিয়া রয়ে গেছে আগের মতোই অবিকল।
চিঠি কেবলই যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের একান্ত অনুভূতির দলিল। স্মৃতির নকশিকাঁথা আর ভালোবাসা প্রকাশের সাদা ক্যানভাস। ফরাসি তাত্ত্বিক জাঁক দেরিদা বলেছিলেন, যেকোনো বয়ান অর্থবহ হয় স্মৃতি ও পারস্পরিক পার্থক্যের মিথস্ক্রিয়ায়। তাঁর দর্শন অনুযায়ী, কেবল উপস্থিত বিষয়ই সত্য নয়, অনুপস্থিতির ভেতরেও লুকিয়ে থাকে গভীর অর্থ। চিঠি এই অনুপস্থিতির জায়গাটাকেই পূর্ণ করত। এটি প্রেরকের জীবনবোধ, সময় আর অস্তিত্বের নীরব বাহক।
আজ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা টিকটকের দ্রুতগতির সংযোগে আমরা মুহূর্তেই একে অপরের খোঁজ পাচ্ছি ঠিকই, তবে হারিয়ে ফেলছি স্বকীয়তা ও আবেগ। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম আমাদের অনুভূতিগুলোকেও একই ছাঁচে ঢালছে। এই বর্তমানে আমরা যেন একেকজন নিখাদ উপভোক্তা হয়ে উঠছি; কিন্তু এক টুকরা চিঠির শূন্যতা কি সত্যিই পূরণ করতে পারছে এই ইমোজি আর লাইক-কমেন্ট?
ইতিহাসের পাতায় চিঠির গুরুত্ব
ইতিহাস সাক্ষ্য দেয়, সাম্রাজ্যের পতন, বিপ্লবের ডাক কিংবা গভীর প্রেম—সবকিছুর পেছনেই নীরব অনুঘটক হয়ে থেকেছে চিঠি। নেপোলিয়ন বোনাপার্ট তাঁর প্রিয়তমা স্ত্রী জোসেফিনকে লিখেছিলেন ভালোবাসার সবচেয়ে সুন্দরতম বয়ান। সুরসম্রাট বেটোফেন তাঁর অপ্রাপ্তির বিরহ উগরে দিয়েছিলেন প্রেয়সীকে লেখা চিঠিতে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে শান্তি ও মানবতার বার্তা নিয়ে মহাত্মা গান্ধী হিটলারকে চিঠি পাঠিয়েছিলেন। যেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন,
যে কর্ম মানুষকে কষ্ট দেয়, তা ধর্ম হতে পারে না।
১৯৬৫ সালে ফিদেল কাস্ত্রো যখন কিউবার জনসভায় চে গুয়েভারার শেষ চিঠিটি পাঠ করেন, তা হয়ে ওঠে বিশ্বরাজনীতি ও বিপ্লবের ইতিহাসের অন্যতম ট্র্যাজিক ও রোমাঞ্চকর মুহূর্ত। কাস্ত্রোকে লেখা চের সেই চিঠি ছিল এক বৈপ্লবিক দর্শনের দলিল।
চিঠির সূচনা ঠিক কবে এবং কোথায় তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে প্রাচীন মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতায় ‘পিক্টোগ্রাম’ বা চিত্রলিপির মাধ্যমে প্রথম মনের ভাব আদান-প্রদান শুরু হয়। এটি পরবর্তী সময়ে প্রাচীন মিসর, রোম, চীন ও ভারতে যোগাযোগের মূল মাধ্যম হয়ে ওঠে।
আধুনিক জীবনে চিঠির প্রাসঙ্গিকতা
কংক্রিট ও পাথরের তৈরি খাঁচায় আজ আমরা স্বেচ্ছায় বন্দী। এই যান্ত্রিক ব্যস্ততা আমাদের এমন এক অমোঘ চক্রে পিষে রেখেছে, যেখানে বেঁচে থাকা আছে; কিন্তু জীবন যেন রূপ নিয়েছে স্রেফ অভ্যাসে। কাকডাকা ভোরে ঘুম ভাঙা চোখে ভিড়ঠাসা অফিস বাসে ঝুলতে থাকা আর দিন শেষে ক্লান্তি শরীরে মেখে ঘরে ফেরা—এই তো আমাদের চেনা দিনলিপি।
তবে ভাবুন তো একবার—সবুজের ছোঁয়াহীন সেই ধূসর ক্যানভাসে যদি একচিলতে রোদ এসে পড়ে আপনার বারান্দায়, চিরচেনা ছন্দে; অফিসে যাওয়ার তাড়াহুড়ার মুহূর্তে প্রিয় মানুষটি যদি খুব গোপনে আপনার পকেটে গুঁজে দেয় একটা ভাঁজ করা রঙিন চিরকুট আর কানে কানে ফিসফিস করে বলে যায়—‘খুব গোপনে পোড়ো কিন্তু, শুধু তোমার জন্য…!’ মুহূর্তেই উবে যাবে সব ক্লান্তি। চিঠির যুগ হয়তো শেষ হয়েছে; কিন্তু চিঠির সেই অনির্বচনীয় অনুভূতি আজও চিরকাল অমলিন। প্রযুক্তির বিরামহীন মেসেজিংয়ের যুগেও একটি চিঠি বা চিরকুট আজও পারে স্থবির জীবনে অমিয় বাতাসের প্রশান্তির দোলা দিতে।