এক একনায়কের উগ্র জাতীয়তাবাদ ও সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা বিশ্বকে এক ভয়াবহ যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর ভোররাতে কোনো পূর্বঘোষণা ছাড়াই পোল্যান্ডে আকস্মিক আক্রমণ চালিয়ে নাৎসি জার্মানির নেতা অ্যাডল্ফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন।

পোল্যান্ড আক্রমণের কয়েক ঘণ্টা আগে জার্মানি একটি নাটক মঞ্চস্থ করে। রাতের অন্ধকারে পোলিশ বিদ্রোহীদের পোশাক পরা একদল সশস্ত্র লোক জার্মানির সীমান্তবর্তী গ্লাইভিৎস শহরের রেডিও স্টেশনে ঢুকে পড়ে। পোলিশ ভাষায় জার্মানবিরোধী একটি বার্তা সম্প্রচার করা হয়:

এটি গ্লাইভিৎস। সম্প্রচারকেন্দ্রটি এখন পোলিশদের হাতে।

এই ঘটনা এমনভাবে সাজানো হয়েছিল যেন পোল্যান্ড জার্মান ভূখণ্ডে হামলা চালিয়েছে। পোল্যান্ডে সামরিক অভিযান শুরুর আগে হিটলার তার আগ্রাসনের সিদ্ধান্তের পক্ষে একটি অজুহাত তৈরি করতে চেয়েছিলেন।

যুদ্ধের প্রেক্ষাপট ও হিটলারের আগ্রাসন

প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালের ‘ভার্সাই চুক্তি’ পরাজিত জার্মানির ওপর কঠোর শর্ত চাপিয়ে দেয়, যার ফলে জার্মানি ভূখণ্ড হারায়, সামরিক শক্তি সীমিত হয় এবং বিশাল যুদ্ধ ক্ষতিপূরণের বোঝা চাপে। এই প্রেক্ষাপটেই অ্যাডল্ফ হিটলারের উত্থান ঘটে। হিটলার ১৯৩৩ সালে জার্মান চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান এবং ১৯৩৪ সালে নিজেকে জার্মানির ‘ফুয়েরার’ বা সর্বোচ্চ নেতা ঘোষণা করেন। তিনি ১৯৩৬ সালে রাইনল্যান্ডে জার্মানির সামরিক নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেন, যা ভার্সাই চুক্তির লঙ্ঘন ছিল। এরপর তিনি ১৯৩৮ সালে অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করেন এবং চেকোস্লোভাকিয়া দখল করেন। তার পরবর্তী লক্ষ্যবস্তু হয় পোল্যান্ড। ডানজিগ শহর ও পোলিশ করিডর নিয়ে হিটলারের দাবি পোল্যান্ড প্রত্যাখ্যান করলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়।

যুদ্ধের সূচনা ও সমাপ্তি

১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি নৌ ও আকাশপথে পোল্যান্ডের ওপর আক্রমণ শুরু করে। জার্মানি আলটিমেটামে সাড়া না দিলে ১৯৩৯ সালে যুক্তরাজ্য, পরে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে। এর মধ্য দিয়ে ইউরোপজুড়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। জার্মান বাহিনী দ্রুত পোল্যান্ড দখল করে নেয়। ১৯৪১ সালে জার্মান বাহিনী সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। ১৯৪৫ সালের এপ্রিলের শেষ দিকে সোভিয়েত বাহিনী বার্লিনে প্রবেশ করে এবং হিটলার আত্মহত্যা করেন। ওই বছর জার্মান সশস্ত্র বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে, যার মধ্য দিয়ে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে।

যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে জাপানের দুই শহরে পারমাণবিক বোমা হামলা চালায়। এই হামলার পর জাপান আত্মসমর্পণের ঘোষণা দেয় এবং ওই বছর আনুষ্ঠানিক দলিলে স্বাক্ষর করে, যার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ অবসান হয়। এই যুদ্ধে ৬-৭ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হন।